বিমানবন্দরে দেশ ছাড়ার চেষ্টা, গ্রেপ্তার ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম

Reporter Name
    Update Time : Monday, November 23, 2026
  • 4 Time View

রাজধানীর আলোচিত ‘শীর্ষ সন্ত্রাসী’ শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) ভোররাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। ডিবি কর্মকর্তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে সুইডেন আসলামকে খুঁজছিল পুলিশ। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে শতাধিক অভিযোগ রয়েছে বলে গোয়েন্দাদের দাবি। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। দেশত্যাগের চেষ্টা করার সময় বিমানবন্দরে তাকে আটক করা হয়। ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ জানান, রাত আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে ডিবির কাছে হস্তান্তর করে। তিনি বলেন, আসলামের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে এবং পুলিশ দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল। পুলিশের তথ্য অনুযায়ী, আসলামের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে ডিএমপি কমিশনারের কার্যালয়ে শতাধিক অভিযোগ জমা পড়েছে। এছাড়া তার বিরুদ্ধে অন্তত পাঁচটি টর্চার সেল পরিচালনার অভিযোগও রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছিল। দেশত্যাগ ঠেকাতে তার পাসপোর্ট ব্লক করে রাখার কথাও জানিয়েছেন পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। প্রায় এক মাস ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল বলে ডিবির ওই কর্মকর্তা জানান। আসলাম থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে এসেছিলেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। তবে ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ জানিয়েছেন, গোয়েন্দাদের প্রাথমিক তথ্য অনুযায়ী, তার চূড়ান্ত গন্তব্য ছিল মালয়েশিয়া। থাইল্যান্ডের ব্যাংকক হয়ে সেখানে যাওয়ার পরিকল্পনা ছিল কি না, তা যাচাই করা হচ্ছে। সুইডেন আসলামের বিরুদ্ধে তেজগাঁও থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে ইমিগ্রেশন পুলিশের সূত্র জানিয়েছে। মামলাটি বর্তমানে ডিবি তদন্ত করছে। নব্বইয়ের দশকে আলোচিত সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা। তার বাবার নাম শেখ জিন্নাত আলী। নব্বইয়ের দশকে রাজধানীর আলোচিত সন্ত্রাসীদের একজন হিসেবে পরিচিতি পান তিনি। চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তার নাম ছিল। ১৯৮৬ সালে রাজধানীর ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপর একের পর এক হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ আসে। একপর্যায়ে তিনি সুইডেনে অবস্থান করেন। পরে দেশে ফিরে আসার পর তার নামের সঙ্গে ‘সুইডেন’ শব্দটি যুক্ত হয়ে যায়। দীর্ঘ কারাভোগ ও মামলার অবস্থা বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হন সুইডেন আসলাম। প্রায় ১৯ বছর কারাভোগের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান। ১৯৯৭ সালের ২৩ মার্চ তেজগাঁওয়ে যুবলীগ নেতা গালিব হত্যার ঘটনায় আসলামসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়। ১৯৯৮ সালের ৮ এপ্রিল পুলিশ এ মামলায় অভিযোগপত্র দেয়। মামলাটি বর্তমানে বিচারাধীন। এ মামলায় জামিন পেয়েই তিনি ২০২৪ সালের সেপ্টেম্বরে কারাগার থেকে মুক্তি পান। তার বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার চারটি মামলায় আদালত থেকে খালাস পাওয়ার তথ্য রয়েছে। এসব রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেনি। একটি মামলায় তিনি অব্যাহতি পান। অস্ত্র আইনের দুটি মামলায় তার যাবজ্জীবন ও ১৭ বছরের কারাদণ্ড হয়েছিল। পরে উচ্চ আদালত থেকে এসব মামলায়ও অব্যাহতি পান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24