নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, তদন্ত শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি

Reporter Name
    Update Time : Friday, November 13, 2026
  • 47 Time View

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত চার সদস্যের কমিটি। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে\ কমিটির সদস্যরা দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেন। পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনের পাশাপাশি প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের বক্তব্য নিয়েছেন তারা। আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার চার সদস্যের এই তদন্ত কমিটি গঠন করে। কমিটির আহ্বায়ক করা হয়েছে কুষ্টিয়া জেলা স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব উল ইসলামকে। অন্য সদস্যরা হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর মোহাম্মদ আশরাফুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন। শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কমিটির সদস্যরা বাড়ির ক্ষতিগ্রস্ত কক্ষ ও বিভিন্ন স্থান ঘুরে দেখেন। আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে, কীভাবে আগুন ছড়িয়ে পড়েছে এবং কোন কোন অংশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব বিষয় পর্যবেক্ষণ করেন তারা। এ সময় বাড়ির বাসিন্দা শাহ আলম এবং নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের কাছ থেকেও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করেন তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা। কমিটির আহ্বায়ক আহমেদ মাহবুব উল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি প্রত্যক্ষদর্শী, প্রতিবেশী ও আত্মীয়স্বজনের বক্তব্য নেওয়া হয়েছে। ঘটনার সময় কে, কী দেখেছেন এবং কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তিনি আরও জানান, বাড়িতে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং ঘটনার সময় ধারণ করা বিভিন্ন ভিডিও সংগ্রহ করা হয়েছে। এসব ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও ঘটনাস্থলের পরিস্থিতি বিশ্লেষণ করে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ শনাক্তের চেষ্টা চলছে। তদন্তে বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিসের প্রতিবেদনও বিবেচনায় নেওয়া হবে। প্রয়োজনে আরও গভীর অনুসন্ধান, ফরেনসিক পরীক্ষা কিংবা কারিগরি বিশেষজ্ঞদের সহায়তা নেওয়ার সুপারিশ করা হতে পারে বলেও জানিয়েছেন কমিটির প্রধান। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার তদন্তও চলছে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানান, নুসরাত তাবাসসুমের অভিযোগের ভিত্তিতেই মামলা গ্রহণ করা হয়েছে। এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। তিনি বলেন, তদন্তের প্রাথমিক পর্যায়ে থাকায় এখনই ঘটনার বিষয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানানো সম্ভব নয়। তদন্তের মাধ্যমে কারা জড়িত এবং কীভাবে ঘটনাটি ঘটেছে, তা বেরিয়ে আসবে। মামলায় নাশকতা, হত্যাচেষ্টা, অগ্নিকাণ্ড ও বেআইনি অনুপ্রবেশের অভিযোগসংক্রান্ত ধারা যুক্ত করা হয়েছে। পাশাপাশি সিআইডি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে প্রাথমিক মতামত দিয়েছে। আদালতের অনুমতি নিয়ে এসব আলামত ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ বিভাগের পর্যবেক্ষণও তদন্তে গুরুত্ব পাবে। উল্লেখ্য, বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগ তুলে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় মামলা করেন নুসরাত নিজেই। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা পর্যায়ের আট নেতার নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। নুসরাত ও তাঁর পরিবারের দাবি, পতিত আওয়ামী লীগের লোকজন পেট্রোল বোমা হামলা চালিয়ে বাড়িতে আগুন দিয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও কারা জড়িত, তা তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24